হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের একটি ধানখেত থেকে চিত্তরঞ্জন সূত্রধর (৩৮) নামের এক হিন্দু যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তার মরদেহ পাওয়া যায়। নিহতের পরিবার তাঁর মৃত্যুকে হত্যা বলে অভিযোগ করেছেন।
নিহত চিত্তরঞ্জন বাহুবল উপজেলার কাগাউড়া এলাকার মৃত মাখন সূত্রধরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাশডর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গ্রামের একটি টাওয়ারসংলগ্ন ধানখেতে চিত্তরঞ্জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার আগের দিন তিনি নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসেছিলেন।
নিহতের স্ত্রী অভিযোগ করেছেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চিত্তরঞ্জনের সৎভাইদের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা ছিল। এ নিয়ে ইউএনও কার্যালয়ে মামলা ও বিরোধ চলমান। তিনি দাবি করেন, ওই বিরোধের জেরেই চিত্তরঞ্জনকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, মরদেহে আপাতদৃষ্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে; লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.jpeg)
No comments:
Post a Comment