বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, August 30, 2026

গোপালগঞ্জে মহানবীর জীবনী বললেন সনাতন শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী দুই শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে উঠে এসেছে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার অনন্য দৃষ্টান্ত।

বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, কিরাত, গজল ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন বিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক নব কুমার বিশ্বাস। তিনি মহানবী (সা.)-এর জন্ম, শৈশব, মানবতার প্রতি তাঁর অবদান এবং সত্য, ন্যায়, শান্তি ও মানবিকতার শিক্ষা তুলে ধরেন। নব কুমার বিশ্বাস বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর জীবন ও কর্মের মাধ্যমে মানবজাতিকে সত্য, ন্যায়, শান্তি ও মানবতার পথে চলার শিক্ষা দিয়েছেন।’ তাঁর বক্তব্য উপস্থিত সবার মধ্যে বিশেষ সাড়া ফেলে।

অন্যদিকে অনুষ্ঠানে পবিত্র মক্কা-মদিনা ও মহানবী (সা.)-কে নিয়ে গজল পরিবেশন করেন বিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষিকা নিদ্রা মল্লিক। তাঁর কণ্ঠে গজল পরিবেশনের সময় অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। উপস্থিত সবাই তাঁর পরিবেশনা উপভোগ করেন এবং প্রশংসা করেন।

ধর্মীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও মহানবী (সা.)-এর জীবন, মানবিকতা ও শান্তির বার্তা নিয়ে দুই শিক্ষকের এমন আন্তরিক অংশগ্রহণকে সম্প্রীতির সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন অনুষ্ঠানে উপস্থিতরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতির চর্চা আরও জোরদার করবে। ‘ধর্ম যার যার, সম্প্রীতি সবার’—এমন বার্তাই যেন ফুটে উঠেছে বর্ণি উচ্চ বিদ্যালয়ের এই আয়োজনে।

No comments:

Post a Comment

"
"