রংপুরের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত এবং এ বিষয়ে জাতীয় সংসদে সরকারের সুস্পষ্ট বিবৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে ‘রংপুরের হত্যাকাণ্ড রহস্যজনক: চলমান সাম্প্রদায়িক সহিংসতা থেকে সংখ্যালঘুদের মুক্তি মিলবে কোন পথে’—এই স্লোগানে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের মৃত্যুর ঘটনাকে শুরু থেকেই আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তবে ঘটনার পারিপার্শ্বিকতা ও পরিবারের সদস্যদের বক্তব্য বিবেচনায় নিয়ে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
বক্তারা বলেন, মামলার তদন্ত শুধু পুলিশি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কে সরকারকে জাতীয় সংসদে বিবৃতি দিতে হবে।
ঐক্য পরিষদের নেতারা দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রচলিত তদন্তব্যবস্থা নিয়ে আস্থার সংকট রয়েছে। তাই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
সংগঠনটির নেতারা বলেন, রংপুরের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রতিমা ভাঙচুর, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং জমি দখলের অভিযোগ অব্যাহত রয়েছে।
ঐক্য পরিষদের উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ৮৪টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ছয়টি হত্যাকাণ্ড, দুটি ধর্ষণ, মন্দির-প্রতিমা ভাঙচুর ও লুটপাটের ১০টি ঘটনা, আদিবাসীদের ওপর পাঁচটি হামলা এবং বসতবাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগের ১০টি ঘটনা রয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও। অনুষ্ঠান পরিচালনা করেন যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা। বক্তব্য দেন কাজল দেবনাথ, ভিক্ষু সুনন্দপ্রিয়, ডেভিড চ্যাটার্জী, সাংবাদিক বাসুদেব ধর, মনীন্দ্র কুমার নাথ, জ্যোতি রায়, পলাশ দেবী, সাংবাদিক পুলক ঘটক, অতুল মণ্ডল, দীপালী চক্রবর্তী, তাপস দাস ও দিবাকর চন্দ্র শীলসহ অন্যান্য নেতারা।
মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
.jpeg)
No comments:
Post a Comment