বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, August 12, 2026

দেশের ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান পাবে রাষ্ট্রীয় সম্মানি ভাতা


চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে। এতে এসব প্রতিষ্ঠানে কর্মরত দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা এই সুবিধা লাভ করবেন। আগস্ট মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা।

যেভাবে নির্বাচন ও ভাতার পরিমাণ

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করতে গঠিত সেলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

২০২৬-২০২৭ অর্থবছরে—

প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদ নির্বাচন

‘ক’ শ্রেণির পৌরসভার প্রতি ওয়ার্ডে ৪টি, ‘খ’ শ্রেণিতে ৩টি, ‘গ’ শ্রেণিতে ২টি মসজিদ

সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে ৬টি মসজিদ

প্রতিটি উপজেলা থেকে ৫টি মন্দির নির্বাচন

জেলাভিত্তিক ২৫ শতাংশ হারে বৌদ্ধ বিহার ও গির্জা নির্বাচন

ভাতার পরিমাণ

ইমাম, পুরোহিত, অধ্যক্ষ, যাজক: মাসে ৫ হাজার টাকা

মুয়াজ্জিন, সেবাইত, উপাধ্যক্ষ, সহকারী যাজক: মাসে ৩ হাজার টাকা

মসজিদের খাদেম: মাসে ২ হাজার টাকা

সম্মানীর অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানো হবে।

বাজেট বরাদ্দ ও পরিকল্পনা

চলতি অর্থবছরের বাজেটে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানীর জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থবছরে দেশের প্রায় এক-চতুর্থাংশ ধর্মীয় উপাসনালয় এই সুবিধার আওতায় আসবে। পরবর্তী তিন অর্থবছরে ধাপে ধাপে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় ৬ হাজার ১৭টি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন প্রথমবার সম্মানী পেয়েছিলেন।


 

No comments:

Post a Comment

"
"