বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, September 12, 2026

চট্টগ্রামের চন্দনাইশে বৌদ্ধবিহারে ডাকাতি, ভিক্ষুকে জিম্মি করে টাকা-মালামাল লুট


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি বৌদ্ধবিহারে ডাকাতির অভিযোগ উঠেছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে এ ঘটনা ঘটে। মুখোশ পরা অস্ত্রধারীরা বিহারের ভিক্ষুকে জিম্মি করে টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।

বিহারটির ভিক্ষু জ্ঞান রক্ষিত জানান, ধর্মীয় কার্যাদি করার জন্য ভোররাত চারটার দিকে তিনি নিজ কক্ষের দরজা খোলেন। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর কক্ষে ঢুকে পড়েন। এরপর তাঁকে কক্ষের খাটে বসিয়ে রেখে অস্ত্রধারীরা বলেন, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।’

এ হুমকির পর তাঁর কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। পরে আলমারি খুলে প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। ভিক্ষু জ্ঞান রক্ষিত জানান, ডাকাতেরা যাওয়ার সময় কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। পরে পাশের কক্ষের দুই শ্রমণকে ডেকে দরজা খোলার ব্যবস্থা করেন তিনি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় বিহার কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জানানোর কথা রয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


 

No comments:

Post a Comment

"
"