বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, September 12, 2026

নীলফামারীতে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্মকে উদ্দেশ্য করে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নীলফামারীর দেবাশীষ রায় (২২) নামে এক যুবককে রংপুর থেকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে স্থানীয় মুসলিম তাওহীদ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দেবাশীষ রায় নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাবনাকুড়ি-খলিশাপচা এলাকার প্রদীপ রায়ের ছেলে। তিনি রংপুরের একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্মকে উদ্দেশ্য করে দেবাশীষ রায়ের একটি পোস্ট ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে রংপুর থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসলিম তাওহীদ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দেবাশীষের বাবা প্রদীপ রায় বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার ছেলে যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে, তাহলে আমি চাই সে শাস্তি পাক। আর যদি সে অপরাধী না হয়, তাহলে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাই।’

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দেবাশীষ রায়কে রংপুর থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

No comments:

Post a Comment

"
"