ঝালকাঠির রাজাপুরে এক হিন্দু পরিবারের পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. রিয়া আকতারের বিরুদ্ধে। চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবারটি সোমবার (২৯ জুন) সংবাদ সম্মেলন করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছে।
ভুক্তভোগী অমূল্য চন্দ্র হালদারের মেয়ে অনামিকা হালদার লিখিত বক্তব্যে জানান, ২০২২ সালে তারা ৫ দশমিক ১১ শতাংশ জমি ২২ লাখ ৫০ হাজার টাকায় রিয়া আকতারের কাছে বিক্রি করেন। মাপজোক করে সীমানা বুঝিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালের শেষ দিকে রিয়া আকতার ক্ষমতার প্রভাবে এক শতাংশ বেশি জমি নিজের নামে রেকর্ড করে নেন। এ জালিয়াতির বিরুদ্ধে বরিশাল আদালতে মামলাও চলছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুন রিয়া আকতার ও তার স্বামী মো. রফিক হাওলাদার স্থানীয় লোকজন নিয়ে অমূল্য হালদারের বসতবাড়ির সীমানা বেড়া ও টিন ভেঙে জমি দখল করেন এবং বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অমূল্য হালদার বলেন, "খবর পেয়ে পুলিশ এসে দখলে বাধা দিলেও এখনো হুমকি আসছে। আমরা হিন্দু ও সংখ্যালঘু বলেই আমাদের ওপর এমন নির্যাতন হচ্ছে।"
তবে অভিযুক্ত রিয়া আকতার জমি দখলের কথা অস্বীকার করে দাবি করেন, "আগে ঠিকমতো মাপজোক হয়নি, পরে আমি আমিন এনে সীমানা নির্ধারণ করেছি। অভিযোগ ভিত্তিহীন।"
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, ঘটনাটি তার জানা ছিল না, তবে দ্রুত খোঁজ নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment