ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকার নাসা টাওয়ার থেকে পড়ে তিনি গুরুতর আহত হন, পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান।
নিহত তিশা ময়মনসিংহের মিন্টু কলেজের ছাত্রী ও তারাকান্দা উপজেলার উত্তম সরকার-মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি ওই এলাকার একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টায় পরীক্ষা শুরুর কথা ছিল। ঘটনার সময় মেসের অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকায় কেউ নিশ্চিত করে বলতে পারেননি কীভাবে এ দুর্ঘটনা ঘটল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ বা অন্য কোনো কারণ জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।" পুলিশ জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
.jpeg)
No comments:
Post a Comment