বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, July 28, 2026

‘আমি আগে মানুষ’: সোহরাওয়ার্দী উদ্যানে অসাম্প্রদায়িকতার বার্তা দিয়ে আলোচনায় আজহারুল

‘তুমি হিন্দু?’—প্রশ্নের জবাবে ‘আমি আগে মানুষ’—এই এক লাইনের কথোপকথনই যথেষ্ট ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলতে। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এক ব্যক্তির সঙ্গে তরুণ আজহারুলের এই সংলাপ ভাইরাল হয়েছে, আর তাতেই প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের ত্রিপলের ছাউনি দিয়ে বানানো ‘রাজিব শাহের আস্তানাসহ’ বিভিন্ন স্থাপনা উচ্ছেদের সময় এক ব্যক্তি আজহারুলকে প্রশ্ন করেন, ‘তুমি হিন্দু?’ জবাবে আজহারুল বলেন, ‘আমি আগে মানুষ।’ এই উত্তরেই অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা আজহারুলের কথায় ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’—এই বাণীর প্রতিধ্বনি খুঁজে পেয়েছেন। একজন লিখেছেন, ‘এই তরুণ প্রমাণ করেছেন, ধর্মের চেয়ে মানুষ বড়।’

আজহারুল যা বললেন

ভাইরাল হওয়ার পর আজহারুল মঙ্গলবার সকালে ফেসবুকে একটি পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, ‘এই জায়গায় যদি মসজিদের বদলে নতুন করে কোনো মন্দির নির্মাণ করা হতো, তাহলেও আমি একইভাবে বলতাম, এখানে মসজিদ ও গির্জা নির্মাণের সমান অধিকারও থাকতে হবে। প্রয়োজনে মসজিদ নির্মাণে আমি নিজেই অর্থায়ন করতাম।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে প্রশ্নটি কোনো একটি ধর্মের নয়, প্রশ্নটি ন্যায্যতা, সমঅধিকার ও আইনের সমান প্রয়োগের। এই নীতির ক্ষেত্রে আমি একবিন্দুও ছাড় দিতাম না।’

আজহারুল তার পোস্টে দুঃখ প্রকাশ করে বলেন, মন্তব্যগুলো দেখে মনে হয়েছে সনাতনী ভাই-বোনদের পাশাপাশি খুব অল্প কিছু মুসলিম ভাই-ই তাকে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, মানুষ হিসেবে আমরা সবাই এক কাতারে দাঁড়াতে পারি। কিন্তু ধর্মকে পরিচয়ের ভিত্তি বানালে আমরা স্বাভাবিকভাবেই বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই। তাই আমার ধর্ম আমার অন্তরে। এটি মাইক দিয়ে ঘোষণা করা বা উচ্চস্বরে বলার প্রয়োজন আমি অনুভব করি না। কারণ সৃষ্টিকর্তা তো জানেন আমরা কী করছি, কী বিশ্বাস করছি এবং কাকে উপলব্ধি করছি।’

তরুণের এই বক্তব্যকে ‘মানুষের জয়গান’ বলে অভিহিত করেছেন অনেকে। তিনি এখন মানুষের কাছে ‘সেই তরুণ’ হিসেবে পরিচিত হয়েছেন, যিনি এক প্রশ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন।

No comments:

Post a Comment

"
"