বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, July 3, 2026

ভগবান শ্রীরামের অবমাননার প্রতিবাদে আজ শহীদ মিনারে ঐক্যবদ্ধ সনাতনী সমাজের সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করবে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ। সংগঠনটির দাবি, ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার ও জাতীয় সম্প্রীতি রক্ষায় সরকারকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে ইতোমধ্যে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে, সংবাদ সম্মেলনও হয়েছে— কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটেই আজকের কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

তারা দাবি জানিয়েছে, অভিযুক্তদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার, মামলা দায়ের ও নিরপেক্ষ তদন্ত শেষে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২ ও ৪১ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার আলোকে সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারের কথা তুলে ধরা হয়।

ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সতর্ক করে জানিয়েছে, আজকের কর্মসূচির পরও যদি তিন কর্মদিবসের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে ৬৪ জেলায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিলসহ বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে যাওয়া হবে। দেশের সকল ধর্মপ্রাণ নাগরিক, মানবাধিকারকর্মী ও সচেতন জনতাকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আজকের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


 

No comments:

Post a Comment

"
"