নওগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে ১৯৪৭ সাল থেকে বসবাস করে আসা ভূমিহীন হরিজন সম্প্রদায়ের পরিবারগুলোকে ১৫ দিনের মধ্যে বাসস্থান ছাড়ার আল্টিমেটাম দিয়ে নোটিশ দেওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। গত ১ জুলাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়। এতে উচ্ছেদের মুখে পড়া পরিবারগুলো প্রশাসনের কাছে মানবিক আশ্রয়ের আকুতি জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন স্বাক্ষরিত নোটিশে দাবি করা হয়েছে, ওই পরিবারগুলো অবৈধভাবে দীর্ঘদিন ধরে কোয়ার্টার দখল করে আছেন এবং তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ রয়েছে। আনসার সদস্যদের আবাসনের জন্য ভবন মেরামতের প্রয়োজনে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
তবে ভুক্তভোগী পরিবারগুলো নোটিশে আনা মাদক ও বিদ্যুৎ চুরির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। প্রায় আট দশক ধরে আশ্রিত এসব পরিবারের দাবি, তাদের বিকল্প কোনো বাসস্থান না থাকায় এই আকস্মিক উচ্ছেদ তাদের জীবনকে চরম সংকটে ফেলেছে।
এ অবস্থায় উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, নওগাঁ জেলা শাখার নেতারা ও ভুক্তভোগী পরিবারগুলো জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
এদিকে পুরো হরিজন সম্প্রদায় এখন প্রশাসনের মানবিক সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন, যেন তারা ভিটেমাটি হারিয়ে পথে না বসেন। স্থানীয় সচেতন মহলও প্রান্তিক এই জনগোষ্ঠীর জন্য মানবিক সমাধানের তাগিদ দিয়েছেন।
.jpeg)
No comments:
Post a Comment